ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরূকরণ ততই স্পষ্ট হচ্ছে। দলগুলোর মধ্যে নির্বাচনি ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা।
কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোটযুদ্ধে অংশ নেবে—তা নিয়ে চলছে দর কষাকষি।
এরই মধ্যে জুলাই জাতীয় সনদের আইনিভিত্তি এবং সেই অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি দাবিতে ছয়টি দলকে নিয়ে রাজপথে আন্দোলন করছে দেশের বড় বৃহত্তম ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী।
যদিও এটিকে নির্বাচনি জোট বলতে রাজি নয় আন্দোলনে যুক্ত দলগুলো।
দলগুলোর দায়িত্বশীল নেতারা জানান, তারা আরো বৃহৎ জোট গঠনের কাজ করছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণতন্ত্র মঞ্চ ও সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটও নির্বাচনকে সামনে রেখে নয়া মেরূকরণ করতে চায়।
এর পাশাপাশি বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচনি জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি।
দলটি এরই মধ্যে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গে যেসব জোট ও দল সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে। এসব দলের কিছু সম্ভাব্য প্রার্থীকে তারা গ্রিন সিগন্যালও দিয়েছে।
এর বাইরে অন্যান্য দলের সঙ্গেও আলাপ-আলোচনা করছে বিএনপি। এর মধ্যে নির্বাচনি জোট গঠনে এনসিপির সঙ্গে বিএনপির পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর নির্বাচনি জোট গঠন প্রক্রিয়া চালু আছে। বিষয়টি নিয়ে আমরা কাদের সঙ্গে কথা বলেছি তা যথাসময়ে প্রকাশ করব।
যুগপৎ আন্দোলনে বিএনপির মিত্র দল ও জোটগুলো হলো—ছয় দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), লেবার পার্টি ও গণঅধিকার পরিষদ।
জানা গেছে, যুগপতের এ দলগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক করেছে বিএনপি। দলটির নেতৃত্বে যে বৃহৎ নির্বাচনি মোর্চা হতে যাচ্ছে, সেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম ও লেবার পার্টি থাকছে।

জোট কিংবা আসন সমঝোতা নিয়ে এনসিপির সঙ্গে কোনো আলাপ-আলোচনা হচ্ছে কি না—জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, তাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল যোগাযোগ আছে, আলাপ-আলোচনা আছে। সুত্র: আমার দেশ।
