ঢাকা : আলিস আল ইসলাম চলতি বছরের বিপিএল শেষেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তবে আঙুলের ইনজুরির কারণে সেবার লাল-সবুজের জার্সিতে খেলা হয়নি। চলমান এনসিএল টি-টোয়েন্টিতে আলিস খেলছেন ঢাকা মেট্রোতে।
শনিবার (১৩ ডিসেম্বর) খুলনা বিভাগের বিপক্ষে করেছেন ম্যাচজয়ী এক স্পেল।
এদিন বল হাতে ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও আজিজুল হাকিম তামিমকে ফেরান আলিস। ৪ ওভার বল করে ২৪ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। যা ঢাকা মেট্রোর গুরুত্বপূর্ণ জয়েও ভূমিকা রেখেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলিস জানিয়েছেন, তিন উইকেটের মধ্যে সবচেয়ে বিশেষ ছিল ইমরুল কায়েসের উইকেটটি।
এ বিষয়ে আলিস বলেন, ‘ব্যাটিং উইকেটই ছিল এতক্ষণ (উইকেট পাওয়ার আগপর্যন্ত) যাবৎ। কারণ ব্যাটসম্যানরা রান পাচ্ছিল। আমার উইকেটের মধ্যে সবচেয়ে স্পেশাল উইকেট ছিল ইমরুল ভাইয়েরটা। কারণ পাওয়ার প্লেতে যদি ইমরুল ভাই ভালো খেলত তাহলে ম্যাচটা আমাদের কাছ থেকে দূরে সরে যেত।’